সাঁকো দিয়ে উঠতে হয় ব্রিজে

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৪

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে অপরিকল্পিত খাল খননের কারণে দু’পাশের সংযোগ সড়কে মাটি না থাকায় বাঁশ-কাঠের সাঁকো দিয়ে উঠতে হয় চর চান্দিয়ার শকুনিয়া খালের ওপর নির্মিত সেতুতে। এতে চরম ঝুঁকি নিয়ে সেতু দিয়ে পার হচ্ছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির ওপরের পলেস্তারা খসে রড বের হয়ে আছে। এ সেতু হয়ে প্রতিদিন স্থানীয় নবীউল্যার বাজার, ইটালি মার্কেট, জমাদার বাজার, চানমিয়ার দোকান ও লেংগার দোকান এলাকায় যাতায়াত করছেন এলাকাবাসী। সেতুর আশপাশে রয়েছে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা। সেতুর রেলিং না থাকায় শিশু শিক্ষার্থীরা ভয় নিয়ে যাতায়াত করছে।

স্থানীয়রা জানান, রাতের বেলা চলাচলের সময় অনেকে দুর্ঘটনার কবলে পড়েছেন। আগে সেতুর ওপর দিয়ে সিএনজি, পিকআপ চলাচল করতো। ঝুঁকিপূর্ণ হওয়াতে এ সেতু ব্যবহার না করে কয়েক মাইল পথ পেরিয়ে বিকল্প সড়কে সেগুলো চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের শকুনিয়া খালের ওপর ১৯৯৯-২০০০ অর্থবছরে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই রেলিং ভেঙে খালে পড়ে যায়। খসে পড়তে থাকে সেতুর পিলারের পলেস্তারা। এরপরও ঝুঁকিপূর্ণ এ সেতুটি দীর্ঘদিনেও সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি দপ্তরগুলোতে এ বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।

ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, সেতুটি ভেঙে যাওয়ার খবর শুনেছি। পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।