আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডার গার্টেন থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহি তিন দিনেও উদ্ধার হয়নি। এতে মেয়ের শোকে মা মরিয়ম বেগমের কান্না থামানোর উপায় খুঁজে পাচ্ছে না কেউই। তিনি বার বার কান্নায় মূর্ছা যাচ্ছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিশু ওহিকে উদ্ধারের দাবিতে ঘটনাস্থল তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। ওহির মা মরিয়মসহ আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেয়।
এ সময় কান্না জড়িত কণ্ঠে দুই হাত তুলে মরিয়ম বেগম বলেন, ‘ফিরিয়ে দে আমার বুকের মানিককে। ফাঁসানিরে, কেমনে নিয়ে গেলি আমার অবুঝ শিশুরে। যে দিকে তাকাই, সেই দিকেই আমি তাকেই চোখে দেখিরে। ফিরে দে, আমার অবুঝ শিশুরে। ফাঁসানিরে, ক্ষমা করবো না তোরে আমি আখিরাতে’।
ওহি সদর উপজেলার তেওয়ারীঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার মা মরিয়ম ওই বিদ্যালয়টির সাবেক শিক্ষক।
অভিভাবক সেজে স্কুল থেকে শিশু চুরি
পুলিশ ও ওহির মা মরিয়ম বেগম জানায়, চুরি হওয়া ওহির বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান ছিল। সেখানে মিহি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ দেয়। এতে ওহিকে নিয়ে তার মা মরিয়মও বিদ্যালয়ে যায়। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মরিয়ম।
এ সময় জোর করে মায়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ওহিকে তার কাছে রেখে দেয়। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হয়। এরমধ্যেই মায়ার কোল থেকে অচেনা এক নারী ওহিকে নিয়ে যায়। বাজার থেকে ফিরে ওহির কথা জিজ্ঞেস করলে মায়া জানায় সে অন্য একজনের কোলে রয়েছে। কিছুক্ষণ পরে ওহিকে আনতে বললে জানায়, অন্য এক নারী ওহিকে কোলে নিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
