আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের (এমপি) শুল্কমুক্ত পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) ১২টার দিকে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন এ তথ্য জানান। তবে ওই এমপির নাম ও দলীয় পরিচয় প্রকাশ করেনি র্যাব।
এর আগে, শনিবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে ওই সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ সুজনকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
মো. মারুফ হোসেন বলেন, বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জীপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে র্যাব-১২’র একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়কের রাস্তার উপর চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালীন একটি পাজেরো জীপ আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় গাড়িতে থাকা সুজন হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিল লুকানো আছে।
এ সময় র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
