যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকাসহ আটক ৩

লেখক:
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৪

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২ হাজার কেজি (৫০ মণ) জাটকাসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে এমবি ফারহান-৮ লঞ্চ থেকে জব্দ করা হয়।

এদিন দুপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত ডিআইজি ও চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান অসহায়, গরিব, দুস্থ ও এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত বেলায়েত হোসেন শিকদার।

আটককৃতরা হলেন, ভোলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চ হতে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছসহ তিনজনকে আটক করা হয়।