নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার গিলাতলা গ্রামে সৎ মায়ের হাতে খুন হলো ৩ বছরের শিশু কন্যা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিতা সজীব কাজী ও সৎ মা জোবায়দা বেগমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের নুসরাত জাহান রোজা নামের (৩) বছরের শিশু কন্যা সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।
নিহত নুসরাত জাহান রোজা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মৃত. নুসরাত জাহান রোজার সৎ মা মোসাঃ জোবায়দা বেগম মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ৯ টা থেকে দুপুর ১ টার মধ্যে যেকোন সময় নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যা করে কৌশলে নিহতের দাদা আঃ রাজ্জাক কাজীর বসত ঘরের পশ্চিম পাশের বারান্দার চৌকি খাঁটের উপর কম্বল চাপা দিয়ে ঢেকে রাখে।
নিহতের দাদী পান্না বেগম নুসরাত জাহান রোজাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, খোঁজাখুঁজি করে নুসরাতকে না পেয়ে দাদী পান্না বেগম ওই সময় নিহতের সৎ মা জোবায়দার নিকট জানতে চাই নুসরাত জাহান রোজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় সৎ মা শাশুড়ী পান্না বেগমকে জানান নুসরাত জাহান রোজা শশুরের ঘরের বারান্দায় ঘুমিয়ে আছে। তখন নিহত নুসরাতের দাদী পান্না বেগম বারান্দায় উপস্থিত হয়ে তাকে মৃত. অবস্থায় দেখতে পায়।
নুসরাতকে মৃত. অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে লোহাগড়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নিহত নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই কাজী সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবায়দা সৎ মেয়ে বিধায় আমার ভাতিজি নুসরাতকে দেখতে পারতো না। আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি আমার ভাতিজি নুসরাতের হত্যার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পিতা সজীব কাজী ও সৎ মা জোবায়দা বেগমকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
