আজকালের কন্ঠ ডেস্ক : ঈদ সামনে রেখে ভিড় বেড়েছে রাজধানীর চাঁদনীচকের থান কাপড়ের দোকানগুলোয়। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের পদচারণায় মুখর মার্কেটটি। দরদাম করে পছন্দের কাপড় আর আনস্টিচড থ্রিপিস কিনছেন তরুণী থেকে সব বয়সী নারীরা। দেশীয় কাপড়ের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, চীন থেকে আসা বাহারি কাপড়ে আগ্রহ বেশি ক্রেতাদের। ভিড় পাঞ্জাবির কাপড়ের দোকানেও।
শবে বরাতের পর থেকেই ঈদ কেনাকাটা শুরু হয়ে করে দেন অনেকেই। রোজার শুরু থেকেই মার্কেটে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।
রেডিমেড পোশাকের চেয়ে কাপড় কিনে পোশাক তৈরিতেই আগ্রহ দেখা যায় বেশি। তাই মার্কেটের থান কাপড়ের দোকানগুলোয় বেড়েছে ক্রেতা সমাগম।
দোকান ঘুরে ঘুরে পছন্দের কাপড় বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ এসেছেন সপরিবারে কিংবা বন্ধুদের সাথে নিয়ে।
ঈদ সামনে রেখে বাহারি কাপড়ের সম্ভার নিয়ে এসেছেন বিক্রেতারা। কাপড়ের ধরণও নানা রকমের। চেন্নাই কটন, মাইশা কটন, বারিশ ও কাশ্মিরি কটনের চাহিদাই বেশি-জানালেন দোকানিরা।
কাপড়ের মান ভালো, তবে দাম তুলনামূলক বেশি- বলছেন ক্রেতারা। ঈদে পুরুষের প্রধান পোশাক পাঞ্জাবি। কাগড় কিনে পাঞ্জাবি বানানোর চল বেশ কয়েক বছর ধরেই। তাই পাঞ্জাবীর কাপড়ের খোঁজেও এসেছেন কেউ কেউ।
গত কয়েক বছরের তুলনা এবার বিক্রি বেশি হবে বলে আশা ব্যবসায়ীদের।
