আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীতে সৎ ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলায় আকলিমা আক্তার নামে এক মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্ত আসামি আকলিমা আক্তার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হজরত আলীর স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে চার বছর বয়সী ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করে হজরত আলীর ছোট স্ত্রী আকলিমা আক্তার। এ ঘটনায় হজরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আকলিমা আক্তারকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে হত্যার কথা স্বীকার করেন।
