আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরিকাঘাতে আজিবর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বেয়াই দেলোয়ার হোসেনকে (৪৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। তারা ভালোবেসে বিয়ে করায় তখন থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
