আজকালের কন্ঠ ডেস্ক : ভোট প্রদান করে নোয়াখালী-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকের ভোটার উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারী বিএনপিকে জনগণই বর্জন করেছে।
রোববার সকাল ১০টায় তার নির্বাচনী এলাকা বসুরহাট পৌরসভার নিজ গ্রাম বড় রাজাপুরের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট প্রদান করেন ওবায়দুল কাদের।
এরপর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা বিএনপিকে বর্জন করেছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।
