ড্রামট্রাকের চাপায় দুই ভাই নিহত

লেখক:
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪

আজকালের কন্ঠ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান স্কুল সংলগ্ন এলাকায় মাটিবাহী এক ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর থানার খানখানাপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৮)।

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেশী ও স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে মমিন সবার বড়। মেঝ ও ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মমিন ঢাকা থেকে সন্ধ্যার পর রওনা দেন। রাতে দৌলতদিয়া ঘাটে পৌছে বাড়ীতে যাওয়ার মতো কোন গাড়ী না পাওয়ায় মুঠো ফোনে ছোট ভাইকে বাইক নিয়ে আসতে বলে। ছোট ভাইয়ের সাথে রাত ১২টায় দৌলতদিয়া ঘাট থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলমান।