আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী ফখরুল আহসান আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকদিয়া ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জেরিন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডিতে এবং আমার স্ত্রী গুলশানে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করে। এ সময় আমরা দুজনেই পড়ে যাই।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এ ছাড়া নিহতের স্বামী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
