কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি!

লেখক:
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৬:৪৬

রাঙ্গামাটিতে কাজ না করেই বিল উত্তোলন ও সমাপ্তির প্রত্যয়ন দেওয়ার অভিযোগ, কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) খামারবাড়ি, ঢাকার সাবেক সহকারী পরিচালক (অর্থ) সৈয়দ শরিফুল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থের অনিয়ম, প্রভাব খাটিয়ে পছন্দের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান এবং আত্মীয়ের নামে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রাঙ্গামাটির ক্যাশিয়ার জনাব মহিদুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, সৈয়দ শরিফুল ইসলাম তাঁর এক আত্মীয়ের নামে ট্রেড লাইসেন্স ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সরকারি ভবন মেরামত ও সংস্কারকাজের ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করতেন। এরই ধারাবাহিকতায় ২০১৭-২০১৮ অর্থবছরে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রাঙ্গামাটির একটি ভবন নির্মাণ বা সংস্কারকাজের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, উক্ত কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রাঙ্গামাটির ক্যাশিয়ার জনাব মহিদুল ইসলামকে। কিন্তু বাস্তবে কাজ যথাযথভাবে সম্পন্ন না হলেও কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে প্রত্যয়ন প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে সংশ্লিষ্ট কার্যালয়ে অতিরিক্ত বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি এবং সেই বরাদ্দের অর্থ বিধিবিধান অনুসরণ না করে উত্তোলনের অভিযোগও উঠেছে।

পরবর্তী সময়ে এসব অনিয়মের বিষয় জানাজানি হলে সৈয়দ শরিফুল ইসলাম প্রভাব খাটিয়ে মহিদুল ইসলামকে উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জে বদলি করান বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অর্থ, হিসাব ও নিরীক্ষা শাখার সঙ্গে সম্পৃক্ত করা হয়। অভিযোগকারীর দাবি, এর ফলে বিভিন্ন মাঠপর্যায়ের বরাদ্দ ও আর্থিক কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয় এবং বরাদ্দের অর্থ থেকে নিয়মবহির্ভূতভাবে কমিশন আদায়ের অভিযোগ রয়েছে।

বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

অভিযোগে সৈয়দ শরিফুল ইসলামের নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. কুমিল্লা শহরে ছয় কাঠা জমির ওপর চারতলা বাড়ি।
২. তাঁর গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলায় পাকা বাড়ি।
৩. গ্রামে আবাদি ও অনাবাদি মিলিয়ে প্রায় ২০০ বিঘা জমি থাকার অভিযোগ।
৪. ঢাকার বিশ্বরোডের কাছাকাছি প্রায় ১,৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট।
৫. তাঁর স্ত্রী ও নিজের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা থাকার অভিযোগ।

এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্জনের সময়কাল এবং অর্থের বৈধ উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সরকারি অর্থে বরাদ্দকৃত কাজ বাস্তবে সম্পন্ন হয়েছিল কি না, কাজের পরিমাপ ও বিল-ভাউচার যথাযথ ছিল কি না এবং কাজ সম্পন্ন হওয়ার প্রত্যয়ন কে কীসের ভিত্তিতে প্রদান করেছিলেন—এসব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, মালিকানা, কার্যাদেশ, বিল পরিশোধের নথি, ব্যাংক লেনদেন, বদলির আদেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সম্পদের তথ্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারী।