৭ তারিখ আপনারা আমার দায়িত্ব নিবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের সমস্ত দায়িত্ব নিবো. মাশরাফি

লেখক:
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৪, ২:৩০

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা আওয়ামী যুব মহিলা লীগের সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলির আয়োজনে নৌকার প্রার্থী মাশরাফির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার শেষ দিন আগে নড়াইল – ২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজার পথসভায় লোহাগড়া পৌরসভাধীন আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নড়াইল জেলা আওয়ামী যুব মহিলা লীগের সহ-সভাপতি রোজিয়া সুলতানা চামেলির আয়োজনে নৌকার প্রার্থী মাশরাফির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য শেখ সদর উদ্দিন শামিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল – ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

এ সময় মাশরাফি তার বক্তব্য বলেন, আমি একটা যুদ্ধ করতে আসছি, নির্বাচন সাধারণ একটা-দুইটা ক্রিকেট ম্যাচের মত না। সকালে মাঠে নেমেছি, বিকেলে রেজাল্ট হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে আইটি পার্ক করে দিয়েছে। লোহাগড়া-নড়াইলের ২০ জন ছেলে-মেয়ে আইটির উপর ট্রেনিং নিয়ে আগের বছর ৩ কোটি টাকা ইনকাম করেছে। চাকরি করে নয়, ঘরে বসে শুধু একটা কম্পিউটার দিয়ে ৩ কোটি টাকা ইনকাম করেছে। তদবির করে চাকরি নেওয়ার কোন মানেই নাই। তদবিরের মাধ্যমে চাকরি হলে যোগ্য ব্যক্তি বাদ পড়ে যায়। পড়ালেখা শেষ করে ভাল একজন উদ্যোক্তা হওয়া যায়। একটা কম্পিউটারকে ব্যবহার করে দেশের হাজার-হাজার ছেলে-মেয়েরা এখন কোটি কোটি টাকা ইনকাম করছে। নড়াইলে আইটি পার্ক আনা হয়েছে এ কারণেই। অনেকেই ভাবেন আইটি পার্ক মানে ঘোড়ার পার্ক, আসলে তা না। আইটি পার্ক হলো প্রশিক্ষণের জায়গা। নড়াইলে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, ইকোনমিক জোন অনুমোদনের অপেক্ষায়, এটি হলে এই এলাকার ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, আপনারা আমাকে টিভিতে ক্রিকেট খেলতে দেখেছেন। আপনারা আমাকে যতটুকু ভালবাসেন একজন খেলোয়াড় হিসেবেই ভালবাসেন। খেলোয়াড় লাইফও আমার এত মসৃণ ছিল না। খেলোয়াড় লাইফে আমার পায়ে ৭ বার অপারেশন করা হয়েছে। আমার দুই পায়ে ৪ টি স্ক্রু আছে এখনো। আমি আরাম করে এই জীবনে আসিনি। কারও দ্বারপ্রান্তে যেয়ে হাত পাতিনি। একমাত্র আল্লাহর উপর ভরশা ছিল, আর নিজে আমি কষ্ট করেছি। সবার উদ্যেশ্য তিনি আরও একটি কথা বলেন, নগদে কোন কিছু ভাল নয়, কষ্ট করা শিখতে হবে। তাহলে জীবনে সব কিছুই করা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা যুবলীগ নেতা এস এম আহাদুজ্জামান ডলার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিকদার জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, পৌর শ্রমিক লীগের সভাপতি মোস্তফা কামাল, যুবলীগ নেতা আব্দুল আলীম, ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম, ছাত্রলীগ নেতা তপুসহ হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় লক্ষীপাশা আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন।